আলমডাঙ্গায় দলীয় প্রতিপক্ষ গ্রুপের হামলায় জেহালার রতন আহত, হাসপাতালে ভর্তি


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৩:৩৩ AM /
আলমডাঙ্গায় দলীয় প্রতিপক্ষ গ্রুপের হামলায় জেহালার রতন আহত, হাসপাতালে ভর্তি

 

নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলার জেহালায় রতন আলী (৩২) নামের এক যুবককে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ গ্রুপ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেহালা বাজারের দিলীপ বাবুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত রতন আলী ওই গ্রামের আনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেহালা ইউনিয়নের মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮-১০ জন দুর্বৃত্ত রতনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ করে। আহত রতন আলী বলেন, ‘মোটরসাইকেল থামানোর পর আমার দিকে বন্দুক তাক করা হয়। এরপর হাতুড়ি ও মোটরসাইকেলের ব্রেক ডিস্ক দিয়ে তৈরি ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারধর করা হয়।’ আহত রতন আলীর দেওয়া তথ্য মতে, একই এলাকার মুস্তাক (৪২), ইব্রাহিম (২৬), জিসান (১৮), রাজীবসহ (৩৩) আরও ৭-৮ জন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা আহত রতনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তারেক জোনায়েত বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

You cannot copy content of this page