যশোর সদর আ’লীগের সাধারণ সম্পাদক শাহারুল ঢাকায় গ্রেফতার
আজকের পেপার
প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৩:১৩ AM /
০
জিয়াউর রহমান, বেনাপোল যশোর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।
এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি ঢাকার স্থানীয় অনেকে জানতেন। এছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এর আগে বুধবার যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে শাহারুলের দুই সহযোগী আটক হন।
এ ঘটনায় বৃহস্পতিবার তিনিসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমামুল হক আজকের পেপারকে বলেন, হঠাৎ খবর আসে নাশকতার পরিকল্পনা করছিল এমন সন্দেহে স্থানীয় ঢাকাবাসী একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে সংবাদমাধ্যমকে জানানো হবে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ইতোপূর্বে একাধিকবার গ্রেফতারও হয়েছেন।
আপনার মতামত লিখুন :