চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ২:৩০ PM /
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম শহর থেকে পূর্বে অবস্থিত রাঙ্গুনিয়া উপজেলা, যার আয়তন ৩৪৭.৭২ বর্গ কিলোমিটার। কর্ণফুলী নদী বয়ে চলা এই উপজেলা পাহাড় ও সমতলের সমন্বয়ে গঠিত একটি অনন্য ভূপ্রকৃতি। রাজনৈতিকভাবেও এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এবার চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ৩রা নভেম্বর বিএনপি হাইকমান্ড এই আসনে হুম্মাম কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। তিনি রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র। হুম্মাম কাদের চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি তার বাবার মতো রাঙ্গুনিয়ার মানুষের পাশে থেকে উন্নয়ন ও ন্যায়বিচারের রাজনীতি করবেন।

ইতোমধ্যে তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মীসভা ও গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক মাধ্যমেও জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরছেন।

স্থানীয় ভোটারদের মধ্যে হুম্মাম কাদের চৌধুরীর জনপ্রিয়তা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। বয়স্ক ও মধ্যবিত্ত শ্রেণির অনেকেই তাকে সমর্থন করছেন। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থক গোষ্ঠীও তার পক্ষে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

একজন ভোটার ও সমর্থক বলেন আমরা হুম্মাম কাদের চৌধুরীর মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। দল নয়, প্রার্থীর পরিকল্পনাই গুরুত্বপূর্ণ। ” তরুণ ভোটার জামাল হোসেন বলেন, “তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে— এমন প্রার্থীর দিকেই আমরা তাকিয়ে আছি।”

You cannot copy content of this page