নয়া দিগন্ত শামছুলের বিরুদ্ধে জিডি, ডিআরইউর নিন্দা


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৫:৩৮ PM /
নয়া দিগন্ত শামছুলের বিরুদ্ধে জিডি, ডিআরইউর নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক শামছুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের নিন্দা জানিয়েছে ডিআরইউ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার ডিআরইউর সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান কার্যনির্বাহী কমিটির পক্ষে এক বিবৃতিতে এ দাবি জানান।

শামছুল ইসলামের বিরুদ্ধে জিডিটি করেছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) বনানী বিশ্বাস। গত বছরের ১২ই সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১শে আগস্ট পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৫ই নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি জিডি করেন।

বিবৃতিতে ডিআরইউর নেতারা বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। বেশির ভাগ ক্ষেত্রে এসব ঘটনার প্রকৃত বিচার হচ্ছে না। এ জন্য হামলা ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যেকোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে প্রতিবেদন হওয়ার পর তাঁকে প্রত্যাহার করা তাঁর দুর্নীতি–সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ।

You cannot copy content of this page