মানবতার ফেরিওয়ালা তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৫:১০ PM /
মানবতার ফেরিওয়ালা তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী

 

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য বিজলী আক্তার সমাজে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত ও প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় মানবিক, সাহসী ও নির্ভরযোগ্য জনপ্রতিনিধির স্বীকৃতি পেয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও সাধারণ মানুষের কাছে তিনি এখন ‘মানবতার ফেরিওয়ালা’ নামে পরিচিত। 

প্রতিদিন ভোরে মানুষের খবর নেওয়াই তার অভ্যাস। কার ঘরে খাবার নেই, কে ওষুধের অভাবে চিকিৎসা পাচ্ছে না কিংবা কোন পরিবার জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছ— এসবের খোঁজ সবসময়ই থাকে তাঁর কাছে। নিজের সীমিত সামর্থ্য নিয়েই বছরের পর বছর বিভিন্ন অসহায় পরিবারকে সহযোগিতা করছেন তিনি।

বিজলী আক্তার বলেন, “মানুষের সেবা করা আমার দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসা। তৃতীয় লিঙ্গ হওয়ায় সমাজ অনেক সময় আমাদের আলাদা করে দেখে। কিন্তু আমি চাই মানুষ বুঝুক, আমরা সমাজেরই অংশ, আমরাও মানুষের জন্য কাজ করতে পারি।”
তিনি আরও বলেন, “যখন দেখি কারো মুখে হাসি ফুটেছে, তখনই মনে হয় আমি ঠিক পথেই আছি।”

স্থানীয় তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা জানান, বিজলী আপা ছাড়া আগে কেউ আমাদের নিয়ে ভাবতোনা। আপা আমাদের জন্য কাজের সুযোগ করে দিয়েছেন। সম্মান দিয়ে পাশে দাঁড়িয়েছেন।

এলাকাবাসীরাও মনে করেন, বিজলী এলাকার সামাজিক পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি।

বনওয়ারীনগর বাজারের মুদি দোকানী আফসার আলী জানান, বিজলী আপা রাত বিরাতে মানুষের ডাকে ছুটে আসে। স্বার্থ ছাড়া মানুষের জন্য কাজ করতে দেখেছি তাঁকে।

এলাকার এক প্রবীণ ব্যক্তি জয়দার আলী বলেন, আগে এঁদের নিয়ে ল নানা ধারণা ছিল। এখন বিজলী দেখিয়ে দিয়েছে মানুষ তার পরিচয়ে নয়, কাজে বড় হয়।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের সদস্যরাও বিজলীর প্রশংসা করে বলেন, সমস্যা হলে বিজলীকে প্রথমেই পাশে পাওয়া যায়। মানুষের জন্য তার যে আন্তরিকতা তা সত্যিই অনুকরণযোগ্য।

বনওয়ারীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, বিজলী তার কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। সে দায়িত্ববান, সৎ ও মানবিক। তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়েও যে এতো কার্যকরভাবে কাজ করা যায় বিজলী তার বাস্তব উদাহরণ।

মানবিকতা, সাহস ও দায়বদ্ধতার অনন্য মিশেলে বিজলী আক্তার আজ ফরিদপুরের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। নিজের পরিচয় ছাপিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন তিনি।

You cannot copy content of this page