পুলিশের লাঠিপেটা, জলকামানে লণ্ডভণ্ড ৪৭তম বিসিএস আন্দোলন


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ২:২৩ PM /
পুলিশের লাঠিপেটা, জলকামানে লণ্ডভণ্ড ৪৭তম বিসিএস আন্দোলন

নিজস্ব প্রতিবেদক:

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রার্থীদের জলকামান ‍ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের প্রায় ৫ ঘণ্টা অবরোধের পর বিকেল সাড়ে ৪টার দিকে জলকামান ‍ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

আন্দোলনরত একজন প্রার্থী বলেন, ‘আমরা যমুনার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা করে। আমি মাথায় আঘাত পেয়েছি। আরও কয়েকজন আহত হয়েছেন।’

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার করে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা একটার দিকে যমুনা অভিমুখে পদযাত্রা করে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনকারীরা। শাহবাগে পুলিশের ব্যারিকেডের মুখে সেখানেই অবস্থান নেন তাঁরা। আন্দোলনকারীরা বিকেল পাঁচটা পর্যন্ত সময় বেঁধে দেন দাবি মেনে নিতে। তবে পাঁচটার আগেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে আবার জড়ো হয়েছেন। তাঁরা আবারও যমুনা অভিমুখে পদযাত্রার চেষ্টা করবেন বলে জানিয়েছেন একজন আন্দোলনকারী।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

You cannot copy content of this page