
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গংগাচড়ায় জমি–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের ও সামাজিকভাবে হয়রানির অভিযোগ তুলেছেন কামরুজ্জামান স্বাধীন ও বীরেন চন্দ্র মহন্তের পরিবার। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে রিপোর্টার্স ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ নভেম্বর দুপুরে শিক্ষক কমল চন্দ্র সরকার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তবে ওই দুর্ঘটনাকে সন্ত্রাসী হামলার রূপ দিয়ে কামরুজ্জামান স্বাধীন ও বীরেন মহন্তকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়। অভিযোগ করা হয়, পুলিশ কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে এবং বীরেন চন্দ্র মহন্তকে একদিন কারাবন্দি থাকার পর আদালত জামিন দেন।
ঘটনার স্থান হিসেবে শাহিন মিয়ার বাড়ির সামনের কথা উল্লেখ করা হলেও সংবাদ সম্মেলনে উপস্থিত শাহিনুর রহমান তা সম্পূর্ণ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার বাড়ির সামনে ঘটেনি। বিষয়টি সম্পূর্ণ মনগড়া ও হয়রানিমূলক।”
ভুক্তভোগীরা জানান, কমল চন্দ্র সরকারের বাবা ভুবেন চন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি–সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই স্বাধীন ও বীরেনকে বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে। বীরেন চন্দ্র মহন্ত গত ৪ আগস্ট আদালতে ওই জমি বিরোধে জয়ী হন এবং ১৪ শতক জমি রেজিস্ট্রিমূল্যে স্বাধীনকে বিক্রি করেন (দলিল নং ২৮৩০/২৫)। এরপর থেকেই প্রতিপক্ষের লোকজন হুমকি ও হয়রানির অপচেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে উম্মে হাবিবা জানান, তার স্বামী কামরুজ্জামান স্বাধীনকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক কারবারি ও ভূমিদস্যু হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, “স্বাধীন ২০০৫ সাল থেকে গ্রামীণ ব্যাংকের কর্মী। কর্মদক্ষতার জন্য দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস তার কাজের স্বীকৃতি দিয়েছেন। তারপরও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক কারবারি ও যুবলীগের নেতার ট্যাগ লাগানো হচ্ছে।”
ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী হারুন, মোশফিকুর রহমান ও শাহিনুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :