কলেজ কর্তৃপক্ষের হল পরিদর্শন: অসঙ্গতি দূর করার আশ্বাস


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ২:৪৩ PM /
কলেজ কর্তৃপক্ষের হল পরিদর্শন: অসঙ্গতি দূর করার আশ্বাস

 

মোঃ রাকিবুল হাসান, তেকসাস ডেস্কঃ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা ইয়াসমিনের নেতৃত্বে সরেজমিনে হল পরিদর্শন করেছে তেজগাঁও কলেজ কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন স্থাপন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বেসিনে পানি জমার দীর্ঘদিনের সমস্যার সমাধান এবং শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির সুবিধা নিশ্চিত করা হয়েছে।

আজ রবিবার (৩০ নভেম্বর) ছাত্রাবাস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি সদস্য ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সিলভিয়া খায়ের, এডহক কমিটির সাবেক শিক্ষক প্রতিনিধি নূর নবী আল মাহমুদসহ ছাত্রাবাসের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গত বছর ৫ই আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত তেজগাঁও কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মদ চৌধুরী ছাত্রাবাস ছিল এক কলঙ্কজনক অধ্যায়ের স্বাক্ষী। যে পবিত্র প্রাঙ্গণটি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের ধারক ও বাহক হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনৈতিক কর্মকাণ্ড এবং মাদকের নিরাপদ কেন্দ্রে। কিন্তু পটপরিবর্তনের পর কলেজ প্রশাসনের দৃঢ় হস্তক্ষেপে সেই আঁধার কেটে আলোর সুবাতাস বইতে শুরু করেছে।

এই ছাত্রাবাসটি ছিল মূলত স্থানীয় রাজনীতির প্রভাবশালীদের দখলে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা এখানে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং নেশার আসর বসাতো। হলের কক্ষগুলো থেকে মদের বোতল, ইয়াবা, ব্যবহৃত সিরিঞ্জসহ মাদকদ্রব্য গ্রহণের নানা উপকরণ উদ্ধার হওয়া এর ভয়াবহতার প্রমাণ দেয়। সাধারণ শিক্ষার্থীরা সেখানে ছিল অধিকারবঞ্চিত ও নিরাপত্তাহীন।

অধ্যক্ষ তোফায়েল আহম্মদ চৌধুরী ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের হলের নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি। আমরা চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর কোন রাজনৈতিক শক্তি বা অপশক্তি যেন সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে।
শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কলেজ প্রশাসনকে আরো জানায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং রাজনৈতিক হস্তক্ষেপ থেকে কলেজ ছাত্রাবাসকে আগ্রাসী মনোভাব মুক্ত করার জন্য আরও বিবেচনাপ্রসূত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

পরিদর্শনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সরাসরি ছাত্রদের সাথে খোলামেলা আলোচনা করেন। হোস্টেলের পড়াশোনার অনুকূল পরিবেশ, বিদ্যমান সমস্যা সমাধানে করণীয়, খাবারের মান উন্নয়ন এবং হোস্টেলকে আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিনিময় হয়। শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেওয়া হয়।

শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং হল পরিদর্শন শেষে হোস্টেল প্রভোস্ট স্যার, পরিচ্ছন্ন কর্মীদের বিশেষ নির্দেশনা দেন। তেজগাঁও কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মদ চৌধুরী ছাত্রাবাস এখন কলুষমুক্ত হয়ে শিক্ষার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তার হারানো গৌরব ফিরে পাওয়ার পথে হাঁটছে। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এই ধারা অব্যাহত রাখবে বলে আশা করা যায়।

You cannot copy content of this page