ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৮:৩৩ AM /
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।।
আজ শুক্রবার বেলা ১১টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ ঘোষণা দেন। এ কথা জানিয়ে পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।’

ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, এই আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। গত বুধবার বিকেল পাঁচটার দিকে তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ কার্যকর হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ সবশেষ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

আসিফ মাহমুদ ঢাকা থেকে ভোট করবেন, তা আগেই জানিয়েছিলেন। গত ৯ই নভেম্বর তিনি ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন থেকে তিনি নির্বাচন করবেন বলে আলোচনা ছড়িয়ে পড়ে। আজ তিনি ফেসবুকে ঘোষণা দিলেন, ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে মাহফুজ আলমও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তাঁর ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম গতকাল বলেন, ‘মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। তিনি কোন দল থেকে নির্বাচন করবেন, তা নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর এনসিপিতে আসা কিংবা স্বতন্ত্র নির্বাচন করার সম্ভাবনা ক্ষীণ।’

You cannot copy content of this page