সাকিব হ*ত্যাকাণ্ডে ছাত্রদল নেতা গ্রেপ্তার, মূল হোতারা এখনও অধরা


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৩:২৫ PM /
সাকিব হ*ত্যাকাণ্ডে ছাত্রদল নেতা গ্রেপ্তার, মূল হোতারা এখনও অধরা

 নিজস্ব প্রতিনিধি:

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে প্রথম গ্রেফতারের খবর নিশ্চিত করেছে পুলিশ। শেরে বাংলা নগর থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে কলেজের প্রভাবশালী ছাত্র সংগঠন, ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার সরকার রিফাতকে আটক করেছে।

শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন শনিবার বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অন্যতম প্রধান অভিযুক্ত রিফাতকে আটকের পর দ্রুতই আদালতে প্রেরণ করা হয়েছে এবং দুই দিনের রিমান্ডে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রিফাত রাজশাহী জেলার সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রোজিনা বেগমের ছেলে।

প্রথম গ্রেফতারের এই খবর এলেও, তেজগাঁও কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি এখনও উত্তপ্ত ও ক্ষোভে ফুঁসছে। শিক্ষার্থীদের অভিযোগ, মামলার মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

গত বৃহস্পতিবার সাকিব হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা যে দশ দফা দাবি নিয়ে জোরালো আন্দোলন শুরু করেছিলেন, এই গ্রেফতারে তা প্রশমিত হয়নি। বরং, ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তাদের মূল দাবি, সকল অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে বিরাজ করছে চাপা উত্তেজনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক্ষা। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

You cannot copy content of this page