
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, “যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, সেই ট্রেন যেন কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় দুর্ঘটনার শিকার না হয়-তা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে।
সাড়ে ১৫ বছর একটি স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিদায় হয়েছে। ২০০১ সালের পর আজ ২৪ বছর পরে একটি প্রপার নির্বাচনের বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও সম্পূর্ণ কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন হয়েছিল সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুন্দর নির্বাচন। ঠিক তেমন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি।”
নাসের রহমান বলেন, “দেশের ভেতরে ও বাইরে দুই ধরনের শক্তি সক্রিয় রয়েছে। দেশের ভেতরের কিছু লোককে বাইরের শক্তি নির্বাচন বানচাল করার জন্য প্ররোচনা দিচ্ছে। ওসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ অর্ন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে।
যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠেছে, সেই নির্বাচনী ট্রেন যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করি, এই নির্বাচনী ট্রেন তার নির্ধারিত স্টেশন ১২ ফেব্রুয়ারিতে গিয়ে গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। এ দেশের জনগণ যেন নির্বিঘ্নে তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগের নির্বাচনের মতো তামাশাভরা নির্বাচন, কুকুর–বিড়ালের উপস্থিতিতে খালি ভোটকেন্দ্র এবং সাজানো নির্বাচনী নাটক নয়-বরং বাস্তবভিত্তিক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে-এটাই আমাদের প্রত্যাশা।
তিনি সোমবার (২৯শে ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের হাতে জমা দেবার পর দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা প্রদানের সময় এম নাসের রহমানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, ফয়সল আহমদ, মো. বদরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, পিপি এডভোকেট আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।
এর আগে এম নাসের রহমান বাহারমর্দানে তাঁর পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং মাতা দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করে দোয়া করেন। পরে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার শরিফ জিয়ারত শেষে মোনাজাত করেন।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :