
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর বাজার এলাকায় নওগাঁ–মহাদেবপুর–পোরশা আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি ) অভিযানের সার্বিক তদারকি করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অভিযান চলাকালে মহাসড়কের রোড ডিভাইডার সংলগ্ন অবৈধ পার্কিং, সড়ক দখল করে রাখা যানবাহন এবং ভ্রাম্যমাণ দোকানসমূহ অপসারণ করা হয়। পুলিশের পক্ষ থেকে একাধিক চেকপোস্ট স্থাপন করে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়। একই সঙ্গে কাগজপত্রবিহীন বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহাদেবপুর বাজারের স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির একাংশ অবৈধ পার্কিং ও ভ্রাম্যমাণ দোকানের দখলে থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্তমান পুলিশ সুপারের উদ্যোগ এবং মহাদেবপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সক্রিয়তায় সড়কটি এখন প্রশস্ত ও অধিকতর ব্যবহার উপযোগী হয়েছে।
এ সময় স্থানীয় জনসাধারণ পুলিশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা মাঝেমধ্যেই এমন অভিযান পরিচালনার আহ্বান জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যেখানে-সেখানে অবৈধ পার্কিং না করতে, সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান না বসাতে এবং ট্রাফিক আইন মেনে চলতে সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। অভিযানে সহযোগিতা করায় মহাদেবপুরের স্থানীয় জনসাধারণকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :