চুয়াডাঙ্গায় অবৈধ জৈব সার কারখানায় মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১১:১৯ PM /
চুয়াডাঙ্গায় অবৈধ জৈব সার কারখানায় মোবাইল কোর্ট, জরিমানা ৩০ হাজার টাকা
  • চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় অবস্থিত মা এগ্রো জৈব সার কারখানায় অবৈধভাবে জৈব সার উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি অনুমোদনহীন কারখানা লাইসেন্স ছাড়াই জৈব সার উৎপাদন করে আসছে। অভিযোগ রয়েছে, ওই কারখানায় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে এবং নিজস্ব প্রতিষ্ঠানের নামে রঙিন ব্যাগ প্রস্তুত করে অসৎ উপায়ে সার বাজারজাত করা হচ্ছিল।
সংবাদ পেয়ে কৃষি বিভাগের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা নিশ্চিত করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ব্যতীত জৈব সার উৎপাদন ও বিক্রির অপরাধে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন এবং যথাযথ অনুমোদন ও লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত সার উৎপাদন ও বিপণন না করার কড়া নির্দেশ দেন।
তবে মোবাইল কোর্ট পরিচালনার পর ঘটনাস্থলে থাকা জৈব সার জব্দ না করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পরে এসব সার বিভিন্ন মোড়কে প্যাকেট করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। এতে করে অবৈধভাবে উৎপাদিত সারগুলো নামিদামি ব্র্যান্ডের নামে বাজারজাত হচ্ছে।

এলাকাবাসী আরও জানান, এর ফলে সাধারণ কৃষকরা ভেজাল সার কিনে প্রতারিত হচ্ছেন এবং এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তারা অবিলম্বে অবৈধ সার জব্দসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

You cannot copy content of this page