ঘিওরের নালী ইউনিয়নে VWB’র চাল বিতরণে প্র:ক: সেলিম হোসেন ও মেম্বার রাজীবের সীমাহীন দুর্নীতি


আজকের পেপার প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ১০:৫৩ PM /
ঘিওরের নালী ইউনিয়নে VWB’র চাল বিতরণে প্র:ক: সেলিম হোসেন ও মেম্বার রাজীবের সীমাহীন দুর্নীতি

শাহাদুর রহমান সুজন,নিজস্ব প্রতিবেদক:

 

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার নালী ইউনিয়নে ভিডব্লিউবি (V.W.B) চাল বিতরণে চলছে ব্যাপক অনিয়ম ও লাগাতার দূর্নীতি। প্রতি কার্ডধারীর মাঝে ৩০ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও কার্ড প্রতি চাল দেওয়া হচ্ছে ২৯ কেজি বা তারও কম।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নালী ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকেই ট্যাগ অফিসার ছাড়াই অনিয়মের মাধ্যমে চাল বিতরণ চলছে। তারা নির্ধারিত ওজনে চাল না দিয়ে চাল ওজনে কম দিচ্ছে। ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

একাধিক কার্ডধারীরা অভিযোগ করে বলেন, আমাদেরকে সকাল থেকে চাল ওজনে কম দিচ্ছে। আমরা এর কারণ জানতে চাইলে সচিব ও মেম্বাররা বলেন, আমাদের গোডাউন থেকেই চাল কম দেয় এজন্য আমরাও কম দিই। আমরা তো আর বাড়ি থেকে চাল এনে তোমাদের দিতে পারবো না।

এ ব্যাপারে দায়িত্বরত ট্যাগ অফিসার শাহাদাত হোসেন উপস্থিত না থাকলে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ওখানে যাই নি। ফোন করে চাল বিতরণের অনুমতি দিয়ে দিয়েছি। কিন্তু চাল বিতরণে ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম হোসেন জানান, গোডাউন থেকেই চাল কম আসে এজন্য আমরাও কিছু চাল কম দিচ্ছি। আর গোডাউন থেকে চাল এনেছেন ইউপি সদস্য রাজিব। আমরা তার নির্দেশেই চাল বিতরণ করছি কিছু জানার প্রয়োজন হলে তাকে ফোন দিতে পারেন৷

এ ব্যাপারে নালী ইউপি সদস্য রাজিব জানান, আমি সচিব সাহেবের সাথে কথা বলছি সে বেলেছেন- চাল ওজনে কম দেওয়া হচ্ছে না, আপনারা সচিবের সাথে কথা বলেন।

এ ব্যাপারে ঘিওর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শ্রী বিপুল কুমার জানান, গোডাউন থেকে চাল কম দেওয়ার উপায় নেই। তাদেরকে গোডাউন থেকে চাল দেওয়ার সময় চাল সঠিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঘিওর উপজেলা খাদ্য পরিদর্শক ফারজানা আক্তার জানান, এটা আমার দপ্তরের কাজ না। আপনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা বলেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন সুলতানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ুব রায়হান জানান, গোডাউন থেকে চাল ওজনে কম দেওয়ার কোন সুযোগ নেই। তারা অসৎ উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন। ঘটনার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম জানান, এমন অনিয়মের কোন সুযোগ নেই। আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

You cannot copy content of this page