
নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি চ্যানেল এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুল ইসলাম (৩৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে ধামরাইসহ সাভার-আশুলিয়া অঞ্চলের সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবার (২১শে মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ১৬ দিন যাবৎ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সাংবাদিক আশরাফুল ইসলাম ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর চরপাড়া গ্রামের মরহুম আব্দুল আজিজের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই মো: আবু সাঈদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি স্ত্রী শাহানাজ পারভীন, পাঁচ বছর বয়সী একমাত্র সন্তান সায়েম, বড় ভাই আবু সাঈদ, আলতাফ হোসেন, বোন আসমা বেগমসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। একজন সৎ, নির্ভীক ও মানবিক সাংবাদিক হিসেবে তিনি সহকর্মীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার যেমন শোকাহত, তেমনি শোকস্তব্ধ পুরো সাংবাদিক সমাজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২২শে মার্চ) সকাল ১১টায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কালামপুর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সাংবাদিক আশরাফুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম,মহাসচিব সেকেন্দার আলম শেখ,প্রচার সম্পাদক মো. নুর আলম সিদ্দিকী মানু, দেশ বরেণ্য তারকা সাংবাদিক মরহুম সাইদুর রহমান রিমন এর প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)এর পরিবার ও দেশ বাংলা পরিবার, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)এর চেয়ারম্যান জাহিদ ইকবাল ও যুগ্ম মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, প্রতিদিনের সাভারের সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সাভার প্রতিনিধি রাওফুর রহমান পরাগ, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম খান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাবু, সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, মুখপাত্র আহমেদ জীবন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন জাতীয় দৈনিক দেশবাংলার সাবেক হেড অব নিউজ ” আজকের পেপার ” এর সম্পাদক সাংবাদিক সজীব আকবর।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আশরাফুল ইসলাম ছিলেন একজন সাহসী, সৎ ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন এবং সাংবাদিকতার মাধ্যমে সমাজের মানুষের কথা তুলে ধরেছেন। তাঁর এই অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






















আপনার মতামত লিখুন :