
মোঃ বাহার মিয়া, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির সূচনা হয়।
দিবসের শুরুতে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিনের প্রধান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি দলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের বীরত্বগাথা স্মরণ করে বলেন, “স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত দর্শকরা জানান, এবারের আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর। বিশেষ করে খুদে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।






















আপনার মতামত লিখুন :