
ইয়াসমিন :
এহসানুল ইসলাম ঈমন,নিজস্ব প্রতিবেদক :
তেজগাঁও কলেজ, ঢাকার ইংরেজি বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘English Literary Festival 2026’। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় কলেজের অডিটোরিয়াম-১-এ আয়োজিত এ উৎসবে বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এবারের উৎসবে ইংরেজি সাহিত্যের দুই বিশিষ্ট কবি জন কিটস (John Keats) ও স্যামুয়েল টেইলর কোলরিজ (Samuel Taylor Coleridge)-এর সাহিত্যকর্ম ও অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয়। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন একাডেমিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কবিতা আবৃত্তি (Poetry Recitation), বানান প্রতিযোগিতা (Spelling Bee), তাৎক্ষণিক বক্তৃতা (Extemporaneous Speech) এবং সৃজনশীল গল্প লেখা (Creative Story Writing)। পাশাপাশি সাংস্কৃতিক পর্বে সংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনার ব্যবস্থা ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক নূর নবী আল মাহমুদ এবং উপাধ্যক্ষ (একাডেমিক) অধ্যাপক রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আরফান আলী খান।
প্রতিযোগিতার বিভিন্ন পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত পরিবেশন ও নৃত্য পরিবেশন করেন। প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এ আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন বলেন, এ ধরনের একাডেমিক ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনমূলক ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ শিক্ষার্থীদের মানসিক বিকাশ, মেধা বিকাশ এবং শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইংরেজি বিভাগের এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশ, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইংরেজি সাহিত্যকে আরও আনন্দময়ভাবে জানার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে।
আপনার মতামত লিখুন :