বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৮ লাখ টাকার পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ২:৫১ PM / ০
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৮ লাখ টাকার পণ্য আটক

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, জিরা, ফুসকা, কিসমিস ও কসমেটিকসসহ ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭৬টি শাড়ি, ৩টি কম্বল, আধা কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, দেড় কেজি কিসমিস ও ১০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামারসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।