মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১০:৪১ AM / ০
মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে আপন ভাইদের ফাঁসাতে থানায় অভিযোগ

রংপুর প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুরে জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আপন ভাইদের ফাসাতে ভাঙচুর, লুটপাট ও ধান কেটে নেওয়ার মিথ্যা অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে মো. জিয়াউল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গেছে, সম্প্রতি জিয়াউল হক কৌশলে ও গোপনে তাঁর বাবার কাছ থেকে বাড়িভিটার ১২ শতাংশ জমি নিজের নামে লিখে নেন। অথচ ওই জমির ওপর দীর্ঘদিন ধরে তাঁর ভাইদের ঘরবাড়ি ও বিভিন্ন গাছপালা ছিল। জিয়াউল ওই জমিতে ভাইদের থাকতে বাধা দিলে তারা অন্য জায়গায় বাড়ি করেন, তবে তাদের আগের ঘরবাড়ি সেই জায়গায় থাকে। পরবর্তীতে ভাই ও ভাতিজারা নিজেদের ঘরবাড়ি ও মালামাল নিজেরাই ভেঙে অন্যত্র সরিয়ে নেন। কিন্তু এই স্বাভাবিক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই থানায় কাল্পনিক অভিযোগ সাজানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া গ্রামের মো. জিয়াউল হক মিঠাপুকুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এতে তিনি তাঁর ভাই মো. রেজাউল মিয়া, মো. আজিজুল ইসলাম, মো. বাবুল মিয়া, ভাতিজা মো. সাজেদুল ইসলাম এবং স্বপ্না বেগম, ফাতেমা বেগম ও উম্মেহানি বেগমকে আসামি করেন। এজাহারে বসতবাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ভাঙচুর, সাড়ে ৪ লাখ টাকার গাছপালা কাটা, মারধর, শ্লীলতাহানি এবং নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুটের গুরুতর অভিযোগ আনা হয়।

তবে অভিযোগ তদন্তকারী এসআই মো. আশরাফ জানান, “ঘটনায় আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ভাইদের ঘর ভাইয়েরা ভেঙে নিয়ে গেছে, সাথে বাবার ঘরটিও নিয়ে গেছে। যেহেতু জিয়াুলের কাছে বাবা থাকেন না, অন্য ভাইদের কাছে থাকেন, সেহেতু ভাইয়েরা সেটিও নিয়ে গেছে এবং তাঁদের সেখানে যা যা ছিল সব নিয়ে গেছেন। জিয়াুলের সেখানে কোনো ক্ষতি করা হয়নি। জমির ধান কাটার বিষয়টিও মিথ্যা মনে হচ্ছে।”

সরেজমিনে দেখা যায়, জিয়াউল হকের বসতবাড়ি ও ঘরবাড়ি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো ধরনের হামলা, ভাঙচুর বা লুটপাটের বিন্দুমাত্র চিহ্ন নেই। এছাড়া জমির পাকা ধান কাটার যে অভিযোগ তোলা হয়েছে, তাও সম্পূর্ণ বানোয়াট। স্থানীয়দের ভাষ্যমতে, ওই জমিতে জিয়াউল হকের বাবা ও অন্য ভাইয়েরা ধান চাষ করেছিলেন এবং তাঁরাই নিজেদের উৎপাদিত সেই ধান কেটে ঘরে তুলেছেন। অথচ জিয়াউল হক সেই ধান নিজের দাবি করে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

স্থানীয়রা জানান, সম্পত্তির লোভে জিয়াউল হক নিজের ভাই ও পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা নাটক সাজাচ্ছেন। প্রতিপক্ষকে ফাঁসাতে এবং নিজেদের অনৈতিক দখলদারিত্ব ঢাকতেই থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁরা এ ধরনের মিথ্যা মামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। সরেজমিন তদন্তে এজাহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।