
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে চালক ও মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে বাঁধন ফ্যাক্স দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—আদমদীঘি উপজেলার বড়টিকরি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) এবং সান্তাহার পৌর শহরের আসতুল সরকারের ছেলে আলম হোসেন (৫৬)।
মামলার এজাহারে বলা হয়েছে, সান্তাহার পোস্ট অফিস মসজিদের গলিতে আতর-টুপির দোকানের মালিক বেলাল হোসেন খন্দকারের শ্বশুর ফারুক সরদার ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় ফারুক সরদারের কাছ থেকে পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে ৭০০ টাকা দাবি করেন রবিউল ইসলাম।
বিষয়টি জানতে পেরে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় রবিউল জানান, আলম হোসেনের কাছ থেকে অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স নিয়ে তিনি বিক্রি করছেন। পরে আলম হোসেন ঘটনাস্থলে এলেও তিনি লাইসেন্সের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অনুমোদনবিহীন ৭টি লাইসেন্স, মালিক লাইসেন্সের ৭টি বহি এবং চালক লাইসেন্সের ৭টি বহি জব্দ করে।
এ ঘটনায় বেলাল হোসেন খন্দকার বাদী হয়ে আদমদীঘি থানায় আটক দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
মোঃ এরশাদ আলী
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মোবাইল: ০১৭১২২৯৬২৬৯
আপনার মতামত লিখুন :