মণিরামপুরে ব্যাংক এশিয়ায় বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৮:৫২ PM / ০
মণিরামপুরে ব্যাংক এশিয়ায় বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

আবু রায়হান, মণিরামপুর(যশোর):
যশোরের মনিরামপুরে ব্যাংক এশিয়া থেকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন রজব হালদার নামে এক বৃদ্ধ। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কোনাকোলা বাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার শাখার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাটবিলা গ্রামের বাসিন্দা রজব হালদার সোমবার সকালে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য কোনাকোলা বাজারে ব্যাংক এশিয়ায় আসেন। টাকা উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করলে পাশে থাকা লোকজনকে জানান, তিনি একটু বসতে যাচ্ছেন।

এরপর তিনি লাইনের পাশ থেকে সরে গিয়ে একটি ভ্যানের ওপর শুয়ে পড়েন। তাঁর অসুস্থতার খবর পেয়ে আশপাশে থাকা কয়েকজন ব্যক্তি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু তাঁর কোনো সাড়া না পেয়ে স্থানীয় পল্লিচিকিৎসক মো. তাজাম্মুল ইসলামকে ডেকে আনা হয়।

পল্লিচিকিৎসক তাজাম্মুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে রজব হালদারের হাত পরীক্ষা করেন এবং বুকে স্টেথোস্কোপ লাগিয়ে পরীক্ষা করে তাঁকে মৃত বলে বুঝতে পারেন।

বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে এসে এভাবে আকস্মিক মৃত্যুর ঘটনায় ব্যাংক এশিয়ার সামনে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়লে বাজারে উপস্থিত মানুষের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়।