৯ বছরের হাসি-কান্না আর ভালোবাসার গল্প,চোখের জলে বিদায় নিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১০:২৫ PM / ০
৯ বছরের হাসি-কান্না আর ভালোবাসার গল্প,চোখের জলে বিদায় নিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

‎দীর্ঘ ৯ বছরের হাসি-কান্না, আনন্দ-বেদনা আর অসংখ্য স্মৃতির গল্পের ইতি টানতে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘদিন ধরে দর্শকদের হাসিয়ে, কখনো আবেগাপ্লুত করে, কখনো জীবনের নানা বাস্তবতা তুলে ধরে যে ধারাবাহিকটি কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এবার সেই প্রিয় গল্পের শেষ অধ্যায় আসতে যাচ্ছে।

‎‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি নাটক কিংবা বিনোদনের মাধ্যম ছিল না; এটি হয়ে উঠেছিল তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের আনন্দ, বন্ধুত্ব, ভালোবাসা, অভিমান ও নানা ঘটনার এক পরিচিত প্রতিচ্ছবি। নাটকটির কাবিলা, পাশা, হাবু, শুভসহ জনপ্রিয় চরিত্রগুলো দর্শকদের কাছে হয়ে উঠেছিল পরিবারের সদস্যের মতো।

‎ব্যাচেলর পয়েন্ট একটি বাংলাদেশী কৌতুকধর্মী ধারাবাহিক নাটক, যা ৪ আগস্ট ২০১৮ সালে সর্বপ্রথম প্রচারিত হয়।এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু,সাঈদুর রহমান পাভেল, শিমুল শর্মাসহ প্রমুখ।

নাটকটির সংলাপ, মজার ঘটনা এবং চরিত্রগুলোর অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুদের আড্ডা থেকে শুরু করে পারিবারিক বিনোদন—সব জায়গাতেই ছিল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সরব উপস্থিতি।

‎নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বলেন,দীর্ঘ ৯ বছর ধরে দর্শকদের সঙ্গে গড়ে ওঠা এই আবেগের সম্পর্কের সমাপ্তির খবরে অনেক ভক্তের মনেই তৈরি হয়েছে শূন্যতা। প্রিয় চরিত্রগুলোকে আর নতুন গল্পে দেখতে না পাওয়ার ভাবনাই অনেকের চোখে এনে দিচ্ছে জল।

‎

‎ব্যাচেলর পয়েন্ট নিয়ে সাংবাদিক সেলিম রেজা তাজ বলেন,কোনো একটি ধারাবাহিকের শেষ হওয়া মানে শুধু একটি গল্পের সমাপ্তি নয়, বরং অসংখ্য দর্শকের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু প্রিয় মুহূর্তের পর্দা নামা। ‘ব্যাচেলর পয়েন্ট’ হয়তো নতুন পর্ব নিয়ে আর ফিরবে না, কিন্তু এর হাসি, কান্না, সংলাপ আর চরিত্রগুলো দর্শকদের স্মৃতিতে বেঁচে থাকবে বহুদিন।

‎৯ বছরের পথচলার শেষে তাই দর্শকদের কণ্ঠে একটাই কথা—বিদায় ‘ব্যাচেলর পয়েন্ট’। তোমাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো কখনো ভোলার নয়।