
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে নারীদের ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বিধান এবং পরিবারভিত্তিক আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর)পিআইডি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।একই উপলক্ষ্যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে মূল অনুষ্ঠান প্রদর্শন এবং স্থানীয় পর্যায়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আব্দুল হামিদ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল করিম, মিঠাপুকুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রেস কনফারেন্স থেকে জানানো হয়, মিঠাপুকুর উপজেলার প্রথম পর্যায়ে ৩টি ইউনিয়নে প্রাতিষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। ইউনিয়ন ৩টি হলো— মিলনপুর, গোপালপুর এবং দুর্গাপুর। উক্ত ৩টি ইউনিয়নে সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য ইনপুট দেওয়ার জন্য ১৫ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার ইতিমধ্যেই মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, সরকারের এই ঐতিহাসিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। মিঠাপুকুর উপজেলার মিলনপুর, গোপালপুর ও দুর্গাপুর ইউনিয়নের তথ্য সংগ্রহের কাজ শতভাগ স্বচ্ছ ও নির্ভুল করতে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার জন্য তারা স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারদের মাঝে ডিজিটাল ট্যাব ও প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান করা হয়।
উল্লেখ্য,সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত অটোমেটেড ফ্যামিলি কার্ড থানা তথ্য সংগ্রহকারী নির্দেশিকা, ২০২৬’ অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ মোবাইল অ্যাপ ও অনলাইন ডাটাবেজ ব্যবহার করে তথ্য ইনপুট দেবেন। তথ্যের সার্বিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য Network Based Cyber Security, Work Force Management এবং Network Operation Center (NOC) রুমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পুরো প্রক্রিয়া মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ অনুযায়ী এই কার্ড ও সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র নারী প্রধানদের অগ্রাধিকার দেওয়া হবে। অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত —এই ৫টি ক্যাটাগরির পরিবারকে ‘প্রক্সি মিন্স টেস্ট’ (PMT) স্কোরিং পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে।
বাছাইকৃত উপকারভোগীদের প্রদান করা হবে Dual Chip, QR Code এবং Near Field Communication (NFC) সুবিধাসম্পন্ন অত্যাধুনিক স্মার্ট ফ্যামিলি কার্ড। কার্ডটি সরকারের ‘TakaPay’ পেমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত থাকায় উপকারভোগী নারীরা সরাসরি যেকোনো ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (POS) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর মাধ্যমে সহজেই ভাতা তুলে নিতে পারবেন।
আপনার মতামত লিখুন :