
এহসানুল ইসলাম ঈমন , নিজস্ব প্রতিবেদক :
আজ ৩১ আগস্ট ২০২৬: আসন্ন ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং স্পোর্টস ইভেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে নিয়মিত প্রস্তুতি সেশন পরিচালনা করছে মানবিক সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ নোয়াখালী শাখা।
গত দুই দিন ধরে চলমান এসব সেশনে স্বেচ্ছাসেবকদের ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ মাপার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সেবাগ্রহীতাদের সঙ্গে যথাযথ আচরণ, পরীক্ষা পরিচালনার নিয়ম এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ভাইভা সেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে। পাশাপাশি আসন্ন স্পোর্টস ইভেন্টের কার্যক্রম, নিয়ম-কানুন ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্রিফিং এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।
চলমান সেশন দুটির পরিচালনায় ছিলেন ইখতিয়ার আহমেদ লিকন, চেয়ারম্যান ও হেড অব অর্গানাইজেশন, ‘তাঁদের পাশে আমরা’।
‘তাঁদের পাশে আমরা’ একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা ২০১৭ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানুষের কল্যাণ, স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে চারটি শাখা/ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে। এসব শাখার স্বেচ্ছাসেবকরা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
মানবিক সেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘তাঁদের পাশে আমরা’। আসন্ন ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও স্পোর্টস ইভেন্টও সেই ধারাবাহিকতার একটি অংশ। আয়োজনগুলো সফল করতে নোয়াখালী শাখার স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।
আপনার মতামত লিখুন :