
বালাদুল আমিন লিখন:
চুয়াডাঙ্গ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক সেমিনার ও কর্মশালা আজ ২৩ই এপ্রিল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে সেমিনার ও কর্মশালার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল স্বাগত বক্তব্য রাখেন।
প্রশিক্ষণ পর্বের ১ম সেশনে “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর
কর্মশালার দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে “গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়” সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধতা জরুরি।
তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে দায়িত্ববোধ, নৈতিকতা ও সত্যনিষ্ঠা অপরিহার্য। ভুল বা যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সাংবাদিকদের উচিত, তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা।
তিনি আরো বলেন, প্রেস কাউন্সিল সবসময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। গণতন্ত্রের ধারা রক্ষায় সাংবাদিকতার কোন বিকল্প নেই। সংবাদ মাধ্যম ও সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা যেন এমনভাবে সংবাদ পরিবেশন না করি যেটাতে বিতর্ক তৈরি হয়। আমাদের সংবাদটা বস্তুনিষ্ঠ হতে হবে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নয়ন কুমার রাজবংশী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রেস কাউন্সিলের কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৪২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় সাংবাদিকদের জন্য The Press Council Act,1974, অনুসরণীয় আচরণবিধি-১৯৯৩(২০০২ সালে সংশোধিত), প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করার নিয়মাবলি, ছাপাখানায় ও প্রকাশনা(ঘোষণা ও নিবন্ধনকরণ) আইন ১৯৭৩, সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য অধিকার আইন-২০০৯, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।
কর্মশালা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :