হেলাল উদ্দিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে নিজ বাড়ি থেকে অপহৃত পল্লী চিকিৎসক কামাল উদ্দিন (৬৫) এক সপ্তাহ পর পরিবারের কাছে ফিরেছেন। পরিবারের দাবি, অপহরণকারীদের চাওয়া ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়ার নিজ বাড়িতে ফেরেন। টানা সাত দিন পাহাড়ে আটকে থাকায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বর্তমানে পরিবারের সদস্যরা তার প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করছেন।
জানা যায়, গত ২৮ জুন দুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে কামাল উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিলেন।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আবু সায়েদ জানান, কামাল উদ্দিন বাড়ি ফিরেছেন। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে মুক্তিপণ দেওয়ার বিষয়টি পরিবারের দাবি; এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।
আপনার মতামত লিখুন :