ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ২:৫৮ PM / ০
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক অফিসের নিরাপত্তা প্রহরীর উপর হামলা এবং মারপিটের অভিযোগ,ক্ষোভে ফুঁসছে অধঃস্থন কর্মচারীরা

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর বিরুদ্ধে নিজ অফিসের নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেনের উপর হামলা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে গত ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচটার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ অফিসে এসে নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেনকে দ্রুত গেট খুলতে বলেন। গেট খুলতে এক মিনিট দেরী হওয়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ঈসমাইলকে ডেকে গালিগালাজ করে এবং তাঁর উপর হামলা চালিয়ে ব্যাপক মারপিট করে অফিস থেকে বের হয়ে যায়।

এরপর ঈসমাইল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যায়। ঈসমাইলের উপর অমানুষিক নির্যাতনের ঘটনার কথা জানাজানি হওয়ার পর জেলা নির্বাচন অফিসের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

হামলা ও মারপিটের শিকার নিরাপত্তা প্রহরী ঈসমাইল হোসেন বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ইসমাইলকে মারপিট করিনি, রমজান মাসে রাগ সামলাতে না পেরে কানে সামান্য একটু মেরেছি। নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর এ ধরনের আচরণে তাঁর দপ্তরের অধঃস্থন কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, চাকরি বিধি লংঘন করে তিনি হরহামেশাই কর্মচারীদের সাথে অশোভন আচরণ করে থাকেন। তাঁরা অবিলম্বে নিরাপত্তা প্রহরী ঈসমাইলের উপর হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালি উল্লাহর বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সাথেও চরম দুর্ব্যবহার করার বহু অভিযোগ রয়েছে।