
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকার পুনর্ভবা নদীতে উপজেলা মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চললেও থামছে না অবৈধ জাল দিয়ে বোয়াল মাছের পোনা নিধন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু জেলে ও ব্যবসায়ী প্রতিদিন নির্বিচারে বোয়ালের পোনা ধরে উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ বিভিন্ন ক্ষতিকর অবৈধ জালের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করলেও পুনর্ভবা নদীতে এখনও এসব জালের ব্যবহার অব্যাহত রয়েছে। বর্ষা মৌসুমে নদীতে জন্ম নেওয়া বোয়াল মাছের অসংখ্য পোনা প্রতিদিন ভোর থেকে সকাল এবং সন্ধ্যার পর অবৈধভাবে আহরণ করা হচ্ছে। পরে সেগুলো স্থানীয় বাজারগুলোতে প্রকাশ্যেই উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।
নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, মৎস্য বিভাগ মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করলেও অভিযান শেষ হওয়ার পরপরই অসাধু জেলেরা আবারও সক্রিয় হয়ে ওঠে। ফলে মৎস্যসম্পদ রক্ষার সরকারি উদ্যোগ কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পুনর্ভবা নদী থেকে বোয়াল মাছ প্রায় বিলুপ্ত হয়ে যেতে পারে।
এ বিষয়ে পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম রেজা বলেন, “পুনর্ভবা নদীতে মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বোয়ালের পোনা নিধন ও অবৈধ বাজারজাতকরণ বন্ধে খুব শিগগিরই নদী ও বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু নদীতে অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। যেসব বাজারে প্রকাশ্যে নিষিদ্ধ বোয়ালের পোনা বিক্রি হচ্ছে, সেখানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এ অবৈধ বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগ এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :