ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি: তেজগাঁও সাতরাস্তা এফডিসি সড়কে চিত্র –


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১১:৩৬ PM / ০
ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি: তেজগাঁও সাতরাস্তা এফডিসি সড়কে চিত্র –

এহসানুল ইসলাম ঈমন‌,নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা-এফডিসি সড়কে যানজটের কারণে দীর্ঘ সময় ধরে রাস্তায় শত শত যানবাহন অপেক্ষা করলেও সেই পরিস্থিতিতে একজন মোটরসাইকেল চালককে ফুটপাত দিয়ে চলাচল করতে দেখা গেছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও সাতরাস্তা-এফডিসি সড়কে এমন দৃশ্য চোখে পড়ে। ছবিতে দেখা যায়, মোটরসাইকেলটি সাধারণ পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাতের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় ফুটপাতটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় পথচারীদের অভিযোগ, যানজট এড়াতে অনেক সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ফুটপাত ব্যবহার করে। এতে ফুটপাত দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হয়। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এ ধরনের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।

সড়কে যানজট থাকলেও ফুটপাত পথচারীদের নিরাপদে চলাচলের জায়গা। তাই যানজট এড়ানোর জন্য ফুটপাত ব্যবহার না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।