বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসির তেজগাঁও ইনস্টিটিউটে, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও –


আজকের পেপার প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৬, ১:১৬ PM / ০
বিনা খরচে ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেবে বিআরটিসির তেজগাঁও ইনস্টিটিউটে, লাইসেন্সের পাশাপাশি থাকবে দৈনিক ভাতাও –

এহসানুল ইসলাম ঈমন‌ , নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৪০০ জনকে বিনামূল্যে মোটর ড্রাইভিং ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। চার মাস মেয়াদি এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ।

বিআরটিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশ নিতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। প্রশিক্ষণ শেষে কৃতকার্যদের সার্টিফিকেট ও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি দেওয়া হবে। পাশাপাশি উপস্থিতির ভিত্তিতে দৈনিক ২৫০ টাকা হারে টিএ/ডিএ দেওয়া হবে।

প্রতিদিন ২৫ জন করে একেকটি ব্যাচে একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই শিফটে প্রশিক্ষণ চলবে—সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিদিন সাড়ে চার ঘণ্টা করে মোট ৮০ দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে।

ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা। প্রশিক্ষণার্থীদের নির্বাচন হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। রোল ১ থেকে ৫০০ পর্যন্ত প্রার্থীদের নির্বাচন ৭ সেপ্টেম্বর এবং ৫০১ থেকে শেষ পর্যন্ত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।

ভর্তি ফর্ম পাওয়া যাবে বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রুম নম্বর-১১০ (গন্ধরাজ)-এ।

প্রশিক্ষণ ও ভর্তি সংক্রান্ত যোগাযোগের ঠিকানা: বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ৩২, শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮।