বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ৩:২৬ PM / ০
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


‎
‎রোববার (৬ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
‎
‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১২৪টি শাড়ি, ১২টি টু-পিস, ৫৫টি পোশাকসামগ্রী, ৪ কেজি কিসমিস, ৫ দশমিক ৫ কেজি জিরা, ৪৪ প্যাকেট ফুসকা, ২৭টি টেনিস বল, ১ কেজি আমসত্ত্ব, ১২৫টি চকলেট এবং ৪৮০টি কসমেটিকস সামগ্রী।
‎
‎বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।


‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।