
অনুসন্ধানী প্রতিবেদক, সাতক্ষীরা:
মির্জাপুর এলাকার ইসলামকাটি মোড়-এ একটি মোটরসাইকেল গ্যারেজকে আড়াল হিসেবে ব্যবহার করে প্রকাশ্যে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে সম্ভু দাশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার এই অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আরও বেপরোয়া ভূমিকায় অবতীর্ণ হচ্ছে।
এলাকাবাসীর দাবি, গ্যারেজের আড়ালে প্রতিদিনই মাদক কেনাবেচা হচ্ছে এবং এর প্রভাবে এলাকার বহু তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। ফলে সামাজিক অস্থিরতা, পারিবারিক কলহ এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে৷ অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী একটি মহল সম্ভু দাশকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছে, যার কারণে সে লাগামহীনভাবে পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা কারবার চালিয়ে যাচ্ছে।
গত ৩১শে মার্চ ঘটনাটি নতুন মোড় নেয়, যখন পার্শ্ববর্তী কপিলমুনি এলাকার দেবব্রত দাশ নামে এক ব্যক্তিকে ধরে এনে বেদম মারধরের অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্র জানায়, দেবব্রতকে বারাত গ্রামের তার মামাবাড়ি থেকে তুলে এনে নির্যাতন করা হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
একাধিক সূত্রের দাবি, মাদক চালান সংক্রান্ত বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ৫শ পিস ইয়াবা আনার জন্য দেবব্রতকে টাকা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে চালান না পৌঁছানোয় ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। পরে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় জনমনে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী আইন হাতে তুলে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে বলে মনে করেন সচেতন মহল।
আপনার মতামত লিখুন :