লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:০৪ PM / ০
লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জীবন আহমেদ শামীম:

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকার যদি এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তবে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

শনিবার (৫ই সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যত ধরনের বাধাবিপত্তিই আসুক না কেন, নির্ধারিত এই লংমার্চ সব বাধা অতিক্রম করে ঠিকই গন্তব্যে অর্থাৎ চট্টগ্রামে গিয়ে পৌঁছাবে। এটি কোনো নির্দিষ্ট দলের কর্মসূচি নয়, বরং দেশের আপামর সাধারণ মানুষের অধিকার আদায়ের লংমার্চ। জনগণের ন্যায্য দাবি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের এই কর্মসূচিকে কোনোভাবেই থামিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত রুট অনুযায়ী লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বিভিন্ন পয়েন্টে পথসভা করার পর লংমার্চটি চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।