
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অবৈধভাবে পদ দখল, ব্যাপক আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে রংপুর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকার এক সচেতন নাগরিক ও সমাজসেবক।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরেন্দ্রনাথ সাহা মূলত বিদ্যালয়টিতে একজন সাধারণ ‘সহকারী শিক্ষক’ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক অনিয়মের আশ্রয় নিয়ে কোনো প্রকার বৈধ প্রক্রিয়া ছাড়াই তিনি প্রধান শিক্ষকের পদটি দখল করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়টিকে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছেন। বিদ্যালয়ের মালিকানাধীন শঠিবাড়ি বাজারের বাণিজ্যিক দোকান কোটা বরাদ্দ, নবায়ন ও অগ্রিম জামানত বাবদ সংগৃহীত লাখ লাখ টাকা এবং প্রতি মাসের ভাড়ার সিংহভাগ বিদ্যালয়ের মূল ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে তিনি নিজে আত্মসাৎ করেছেন। এছাড়া বিদ্যালয়ের নিজস্ব ফসলি জমির আয় ও শিক্ষার্থীদের বিভিন্ন ফি বাবদ সংগৃহীত অর্থ যথাযথভাবে প্রাতিষ্ঠানিক হিসাবে অন্তর্ভুক্ত না করে ব্যক্তিগত তহবিলে স্থানান্তরের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে কোনো ধরনের উন্মুক্ত দরপত্র ছাড়াই ভুয়া ও অতিরিক্ত ব্যয়ের ভাউচার তৈরি করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অনুদান ও অভ্যন্তরীণ ফান্ড লোপাট করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
এইসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সাহার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঐতিহ্যবাহী শঠিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও গৌরব ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও এলাকাবাসী। তারা অনতিবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :