মিঠাপুকুরে মহাসমারোহে উদযাপিত হলো কঠিন চীবর দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৩:৫১ PM / ০
মিঠাপুকুরে মহাসমারোহে উদযাপিত হলো কঠিন চীবর দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশ

রোকনুজ্জামান রুবেল মিঠাপুকুর

রংপুরের মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশ-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে বৌদ্ধ সম্প্রদায়ের হাজারো পুণ্যার্থী ও অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

​শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) ভোর ৫:০১ মিনিটে বিশ্বশান্তি কামনায় মৈত্রী সূত্রপাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর প্রভাতফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ এবং প্রয়াত গ্রামবাসীর পারালৌকিক সদ্গতি ও পুণ্যস্মৃতির উদ্দেশ্যে অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ছাতনীপাড়া আনন্দ বৌদ্ধ বিহার, দিনাজপুরের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাথের। অনুষ্ঠান উদ্বোধন করেন মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু। প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার, জয়পুরহাটের অধ্যক্ষ ভদন্ত সুশীল প্রিয় ভিক্ষু। এছাড়া বিভিন্ন বিহারের প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে পবিত্র ত্রিপিটক থেকে বাণী পাঠ ও মূল্যবান ধর্মীয় আলোচনা করেন।

দুপুর ১:৩০ মিনিটে দানোত্তম শুভ কঠিন চীবরদান ও পুণ্যীয় ভিক্ষুসংঘের আসন গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাঃ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোহাঃ পারভেজ, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোহাঃ রুহুল আমিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সংবর্ধিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং (ওরাওঁ)। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন ভদন্ত সোমানন্দ মহাথের এবং সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন শিক্ষক পরিমল থালকো।

​সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তদের উপাসনার মধ্য দিয়ে মিঠাপুকুরের বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণ এক পবিত্র ও উৎসবমুখর জনপদে পরিণত হয়।