
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
পলাতক ও ফেরারি আসামিদের অবৈধভাবে সীমান্ত পারাপার এবং দুষ্কৃতকারীদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে বাহিনীটি।
রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ শনাক্ত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন গগলস, বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া পলাতক ও ফেরারি আসামিদের গতিবিধি এবং তাদের সহযোগী দালাল চক্রের তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং ও সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সভায় বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, অপরাধীদের পালিয়ে যাওয়া কিংবা অবৈধভাবে দেশে অনুপ্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিশেষ করে বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং অবৈধ পারাপার ও মানবপাচারকারী চক্র সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে।
কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারী আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি ও অভিযান চলমান থাকবে।
তিনি আরও জানান,জরুরি তথ্য প্রদানের জন্য বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর <span;>০১৭৬৯৬০৪১১৫<span;>-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যদাতাকে বিশেষ পুরস্কার প্রদানের কথাও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :