রাজধানীর শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার ইমরান- মতিনের দুর্নীতির সিন্ডিকেট: বালাম বই জালিয়াতি করে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১২:৫৬ PM / ০
রাজধানীর শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের উমেদার ইমরান- মতিনের দুর্নীতির সিন্ডিকেট: বালাম বই জালিয়াতি করে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়

 

অনুসন্ধানী প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুর সাব রেজিস্ট্রি অফিসের
উমেদার মো. ইমরান হোসেন ও আব্দুল মতিন এই অফিসে দীর্ঘকাল ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে পুরো প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। মৌখিক সুপারিশপ্রাপ্ত উমেদার থেকে শুরু করে নানা ধরনের বহিরাগতদের নিয়ে গড়ে ওঠা এই চক্রটি দিন দিন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, তাদের অবৈধ কার্যক্রম থামানো দুরূহ হয়ে পড়েছে। সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে গড়ে তোলা এই দুর্নীতির সাম্রাজ্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে মাত্র ৬০ টাকা দৈনিক মজুরির উমেদার মো. ইমরান হোসেন ও আব্দুল মতিন এর নেতৃত্বাধীন একটি চক্র। বাহ্যিক দিক থেকে সাধারণ কর্মচারী মনে হলেও এই চক্রটির দাপট, ক্ষমতার উৎস এবং বিলাসবহুল জীবনযাপন রীতিমতো বিস্ময়কর।

সাধারণ উমেদার হিসেবে চাকরিতে প্রবেশ করলেও মো. ইমরান হোসেনের বর্তমান জীবনযাপন অত্যন্ত আলিশান ও জাঁকজমকপূর্ণ।

অনুসন্ধানে জানা গেছে, তাঁর ব্যক্তিগত ব্যবহারের জন্য রয়েছে নিজস্ব প্রাইভেট কার এবং নিজস্ব দেহরক্ষী বাহিনী, যারা সর্বক্ষণ তাঁকে পাহারা দিয়ে রাখে এবং তাঁর চলাফেরা ও গন্তব্য নির্ধারণ করে থাকে।

শুধু দেশেই নয়, প্রতি বছর পরিবারসহ বিমানে চড়ে কক্সবাজার, সেন্টমার্টিন, হাতিয়া ও রাঙ্গামাটি ভ্রমণ এবং নামী সব পাঁচতারকা হোটেলে রাত্রিযাপন ছাড়াও তিনি নিয়মিত পরিবারসহ ভারত ভ্রমণ করে থাকেন। এমনকি সামান্য ৬০ টাকার এই উমেদার তেজগাঁও গভঃ হকারস মার্কেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রচার সম্পাদকের মতো পদে নির্বাচন করার দুঃসাহস দেখিয়েছেন, যা তাঁর অস্বাভাবিক অর্থবিত্ত ও ক্ষমতার দাপটকেই স্পষ্ট করে তোলে।

শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের এই দুর্নীতির বলয়ে ইমরান হোসেনের পাশাপাশি আরও বেশ কয়েকজন সক্রিয় সদস্য ও সহযোগী ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।।

এই সিন্ডিকেটের মূল প্রধান হিসেবে উমেদার মো. ইমরান হোসেন নেতৃত্ব দিলেও সহযোগীদের তালিকায় রয়েছেন উমেদার ★আব্দুল মতিন মিয়া, ★ উমেদার মো. হাসান, ★উমেদার মো. মনির হোসেন, ★উমেদার মো. হৃদয় হোসেন এবং উমেদার ★মো. রোকন।

এছাড়াও এই চক্রে ★মো. রাসেল মিয়া এবং কোনো ধরনের দাপ্তরিক নিয়োগপত্র বা কাগজবিহীন কর্মী হিসেবে ★★সখী বেগম অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। এই পুরো চক্রটি সুপরিকল্পিতভাবে সাব-রেজিস্ট্রি অফিসের প্রতিটি স্তরে নিজেদের প্রভাব বিস্তার করে বছরের পর বছর ধরে অবৈধ অর্থ আদায় ও জালিয়াতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে উমেদার মো. ইমরান হোসেন ও তাঁর সহযোগীদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। দীর্ঘ এক যুগ ধরে শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত থেকে ইমরান তেজগাঁও কলোনী বাজার ও শিল্পাঞ্চল থানার পেছনে নিজ নামে তিনটি দোকান রেজিস্ট্রি করেছেন। তাঁর পিতা ইয়ার আলীর নামে টঙ্গীতে আলিশান বাড়ি এবং গাজীপুরে প্রচুর খালি জায়গা ও মূল্যবান প্লট রয়েছে।

এছাড়া রাজধানীর কদমতলী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের ঠিক পাশেই ১০ তলার একটি বহুতল ভবনে তাঁর মালিকানা রয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে ফ্ল্যাট ও জমির সন্ধান মিলেছে। স্থাবর সম্পত্তির পাশাপাশি বিভিন্ন ব্যাংকেও তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে একাধিক অ্যাকাউন্ট এবং মোটা অঙ্কের এফডিআর বা স্থায়ী আমানত রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সাধারণ মানুষকে আইনি সহায়তা ও নির্বিঘ্ন সেবা প্রদানের কথা থাকলেও এই অফিসের সাব-রেজিস্ট্রাররা মূলত উমেদার ইমরানের ইশারায় দলিল রেজিস্ট্রি করেন কিংবা তা থেকে বিরত থাকেন বলে অভিযোগ রয়েছে। সাব-রেজিস্ট্রারদের সংরক্ষিত খাসকামরায় কাঙ্ক্ষিত ঘুষের লেনদেন সম্পন্ন হলেই কেবল যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব হয়।

নতুন কোনো সাব-রেজিস্ট্রার এই অফিসে পদায়ন পেলে এই সিন্ডিকেট নানা প্রলোভন ও প্রশাসনিক জাল বিছিয়ে খুব দ্রুত তাঁকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মূলত সরকারি কর্মকর্তাদের সামনে রেখে আড়ালে নিজেদের অবৈধ আয়ের সাম্রাজ্য টিকিয়ে রাখাই এই চক্রের প্রধান কৌশল, যা তাঁরা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে আসছে।

জনগণের সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া, রেজিস্ট্রি বহির বালাম বইয়ে ঘষামাজা করা, মূল দলিলের পাতা গায়েব করা এবং নতুন পাতা সংযোজন করার মতো গুরুতর ও ফৌজদারি অপরাধমূলক জালিয়াতি এই সিন্ডিকেটের কাছে নিত্যদিনের ব্যাপার। সাব-রেজিস্ট্রারের খাসকামরা থেকে শুরু করে রেকর্ড রুম পর্যন্ত তাদের অবাধ যাতায়াত রয়েছে এবং ইমরানের সাঙ্কেতিক ভাষার মাধ্যমেই সমস্ত দলিল রেজিস্ট্রি ও নকল প্রদানের কাজ নিয়ন্ত্রিত হয়।

সাধারণ দলিল বা হেবা দলিলের ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফির বাইরে একটি সুনির্দিষ্ট অলিখিত রেট-চার্ট তৈরি করে এই বাহিনী সেবাগ্রহীতাদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে থাকে।

ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, এই চক্রের বেপরোয়া দুর্নীতির কারণে সাধারণ মানুষ ও পেশাদার দলিল লেখকরা সম্পূর্ণ জিম্মি হয়ে পড়েছেন। তাই শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসের এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙতে এবং উমেদারদের অবৈধ দৌরাত্ম্য বন্ধ করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর তদারকি ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

এ বিষয়ে ঢাকা জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম বলেন, এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।।