
আহসান হাবিব মিলন:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর সংরক্ষণ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে এমএনটি হিমাগার। পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শুক্রবার (৯ রমজান) বাদ আসর হিমাগার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় কৃষক, আলু ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা খবিরুল ইসলাম মিলন, সাগর, প্রদীপ, জলিলসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের উন্নতি, কৃষকদের সমৃদ্ধি এবং ব্যবসার সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএনটি হিমাগারের তত্ত্বাবধায়ক সুভাষ মুখার্জি জানান, হিমাগারটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৫০ হাজার বস্তা আলু। আধুনিক ও নিরাপদ প্রযুক্তিনির্ভর সরঞ্জাম এবং উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত আলু দীর্ঘ সময় নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গঙ্গাচড়া ও আশপাশের এলাকার কৃষকদের কথা বিবেচনায় রেখেই হিমাগারটি স্থাপন করা হয়েছে। মৌসুমে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ার পরিবর্তে কৃষকরা এখন সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও পাবেন মানসম্মত ও নির্ভরযোগ্য সংরক্ষণ সুবিধা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত রেখে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবে এমএনটি হিমাগার।
আপনার মতামত লিখুন :