
এহসানুল ইসলাম ঈমন ,নিজস্ব প্রতিবেদক :
শ্রীকৃষ্ণের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজের অডিটোরিয়াম-১-এ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে উৎসবের আনন্দে শামিল হন।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদ্যাপন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোট শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির আয়োজনে এবারের জন্মাষ্টমী উদ্যাপনও শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :