যশোর রিজিয়নে ৯০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক ১৫৯


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ২:২৪ PM / ০
যশোর রিজিয়নে ৯০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ, আটক ১৫৯

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫৯ জন আসামিসহ প্রায় ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
‎মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি।

যশোর রিজিয়নের অভিযানে ৯০ কোটি টাকার বেশি পণ্য জব্দ…
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ অঞ্চলে বিজিবির কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে।
‎সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এ সময় ১৫৯ জন আসামিকে আটক করা হয়েছে।

স্বর্ণ, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক জব্দ…

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি।
এ ছাড়া ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবির অভিযানে ৭ কোটি টাকার বেশি পণ্য জব্দ…
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭ কোটি ৩১ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে। একই সময়ে আটজন আসামিকে আটক করা হয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রিপিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রী। এ ছাড়া ২১৯ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় বাড়ানো হয়েছে নজরদারি….
দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
‎বিজিবি জানিয়েছে, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রাতের নজরদারি জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎এ ছাড়া থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি।


সন্দেহজনক ব্যক্তির তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান...
সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত কিংবা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে অথবা কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
<‎বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পলাতক ও ফেরারি আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান..
বিজিবি স্পষ্ট জানিয়েছে, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশ থেকে বের হতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পাশে থাকার অঙ্গীকার…

পরিশেষে বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে তারা বদ্ধপরিকর। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় সীমান্তবর্তী জনগণের পাশে রয়েছে। এ কাজে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।