নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করতে চাই: আলহাজ্ব মোঃ মশিউর রহমান


আজকের পেপার প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:৫৯ PM / ০
নেতা হওয়ার জন্য নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করতে চাই: আলহাজ্ব মোঃ মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, দর্শনাঃ

“নেতা হওয়ার জন্য রাজনীতি না করে, জনগণের সেবা করার জন্য রাজনীতি করুন, নেতা হতে না পারলেও জনগণের ভালোবাসা ও সম্মান পাবেন” – এই আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় রয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, জননন্দিত নেতা আলহাজ্ব মোঃ মশিউর রহমান।

তিনি চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম বিশ্বাসের বড় মেয়ের জামাই। শ্বশুরের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বিএনপির একজন বড় নেতা হিসেবে সর্বমহলে পরিচিত।

রাজনীতির পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। শিক্ষানুরাগী এই নেতা বর্তমানে ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তার ভূমিকা প্রশংসনীয়।

এছাড়াও দর্শনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, অসহায় ও দুস্থ মানুষের পাশে তিনি সবসময় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। করোনা মহামারীসহ যেকোনো দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দর্শনার তৃণমূল নেতাকর্মীদের মতে, আলহাজ্ব মোঃ মশিউর রহমান একজন পরিচ্ছন্ন, সৎ ও ত্যাগী রাজনীতিবিদ। ক্ষমতার লোভ নয়, মানুষের ভালোবাসা অর্জনই তার রাজনীতির মূল লক্ষ্য। তার এমন মানবিক রাজনীতি দর্শনা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করছে।