চুয়াডাঙ্গার জেলা কারাগার সংলগ্ন এলাকায় জলাবদ্ধতায় দেড়’শ পরিবার পানিবন্দি


আজকের পেপার প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৪:০৮ PM / ০
চুয়াডাঙ্গার জেলা কারাগার সংলগ্ন এলাকায় জলাবদ্ধতায় দেড়’শ পরিবার পানিবন্দি

আজাদ হোসেন, সিনিয়র ষ্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার জেলা কারাগার সংলগ্ন এলাকায় জলাবদ্ধতায় দেড়’শ পরিবার পানিবন্দি,আশ্রয় নিয়েছে ভীমরুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভীমরুলায় অবস্থিত জেলা কারাগার সংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় দেড়’শ পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। বাড়িঘরে পানি প্রবেশ করায় অনেকেই নিজ ঘরবাড়ি ছেড়ে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন ভীমরুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

পরিস্থিতি পরিদর্শনে আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার। তিনি আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি পানিবন্দি মানুষদের আশ্বস্ত করে জানান, পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও মানবিক সহায়তা প্রদান করা হবে।
এসময় চুয়াডাঙ্গা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি আশ্রয়কেন্দ্রে গিয়ে পানিবন্দি মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান।
পানি বন্দি মানুষের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আজাদ হোসেন/চুয়াডাঙ্গা
০১৭১১-২১৭৩৯০