
হেলাল উদ্দিন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে চলন্ত একটি ফলবোঝাই মিনি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় মোহাম্মদ হাশেম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হন গাড়ির চালক।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাশেম সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নোরা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইকবাল আজিজ জানান, কক্সবাজারের দিক থেকে আসা একটি মিনি ট্রাকের হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গে অতিরিক্ত গতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়ালের একটি অংশ ভেঙে যায় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেন্টমার্টিনের বাসিন্দা আলমগীর আকাশ জানান, চার দিন আগে মোহাম্মদ হাশেম সেন্টমার্টিনে বিক্রির জন্য কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করতে দিনাজপুরে গিয়েছিলেন। মঙ্গলবার ফলবোঝাই মিনি ট্রাক নিয়ে টেকনাফে ফেরার পথে লম্বরী এলাকায় গাড়ির চাকা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হাশেমকে মৃত ঘোষণা করেন। আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :