
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রধান পাড়ায় চলাচলের রাস্তা-কবরস্থান সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ টানা দশ বছর যাবৎ ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
তাদির দাবি নির্বাচন এলে জনপ্রতিনিধিরা চলাচলের রাস্তা-কবরস্থান সংরক্ষণের প্রতিশ্রতি দিয়ে নির্বাহিত হবার পর কেউ কথা রাখেন না।
ওই এলাকার বাসিন্দা মৌলভী আব্দুর রশিদ জানান, জুনদহ-মরিচাপুর পাকা সড়ক সংলগ্ন প্রধান পাড়ায় ৫০ পরিবারে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। কিন্তু পাড়ায় ঢোকার ১০০ মিটার ম্যাপের রাস্তার অর্ধেক অংশ পাশের পুকুরে বিলিন হয়ে গেছে। পাশাপাশি কবরস্থানের ৪ শতক জমি পুকুরে ভেঙে গেছে। ফলে টানা দশ বছর ধরে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। রাস্তা এবং কবরস্থান সংস্কারে এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুর সুদৃষ্টি কামনা করেন তিনি।
কৃষক দুলা মিয়া, শাহিদুল ইসলাম, মোমিন মিয়া বলেন, চলাচলের রাস্তা না থাকায় কষ্ট করে পায়ে হেটে চলাচল করা গেলেও রিকশা- ভ্যান যায় না। ফলে কৃষি পণ্য হাটে নিয়ে যাওয়ার কোন উপায় থাকে না।
এলাকার যুবক গোলাম মোস্তফা ও মেহেদী হাসান বলেন, বর্ষাকাল এলে মানুষের দুর্ভোগ আরো বেশি বেড়ে যায় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা অনেক সময় পা পিছলে পুকুরে পড়ে যান। গেল বর্ষায় এলাকার জমজ শিশু আব্দুল্লাহ ও ইব্রাহিম পুকুরে পরে ডুবে যায়। সৌভাগ্যক্রমে শিশুটির নানি রেহেনা বেগম বিষয়টি টের পাওয়ায় প্রাণে রক্ষা পায় শিশু দুটি।
এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, সরজমিন পরিদর্শন শেষে রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :