
সবুজ চাকমা,অতিথি প্রতিবেদক:
পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘দানোত্তম কঠিন চীবর দান’ অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। তিন মাস বর্ষাবাস (বর্ষাকালীন সাধনা) শেষে প্রবারণা পূর্ণিমার পর থেকে মাসব্যাপী এই উৎসব শুরু হয়।
রাঙামাটির রাজবন বিহার, আসামবস্তী সবুদ্ধাংকুর বৌদ্ধ বিহার, কুতুকছড়ির নির্বাণপুর বন ভাবনা কেন্দ্র এব জুরাছড়ির ফকিরছড়ি বন বিহারসহ জেলার ছোট-বড় বিভিন্ন বিহারে এই পুণ্যময় উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের প্রধান বৈশিষ্ট্য হলো ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কাটা, রঙ করা, বোনা ও সেলাই সম্পন্ন করে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) প্রস্তুত করা।
শত শত সুতা কাটুনী ও বয়নশিল্পীর অক্লান্ত পরিশ্রমে তৈরি এই বস্ত্র ধর্মীয় আচার মেনে বৌদ্ধ ভিক্ষুসংঘের উদ্দেশে দান করা হয়।
উৎসব উপলক্ষে বিহারগুলোতে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর হাজার প্রদীপ প্রজ্বলন এবং আকাশের বুকে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি টানা হয়।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই কঠিন চীবর দান হলো সকল দানের মধ্যে শ্রেষ্ঠ বা ‘দানোত্তম’ দান, যা মানুষের ইহকাল ও পরকালের সুখ-শান্তি বয়ে আনে।

আপনার মতামত লিখুন :