
মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে বিদেশি ঘাস বিক্রি করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে পথরোধ করে এলোপাতাড়ি মারধর, নগদ টাকা ও ব্যাটারিচালিত অটোভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী গুরুতর আহত হয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচাবালুয়া গ্রামের বাসিন্দা। তিনি এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ব্যাটারিচালিত অটোভ্যানে করে উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে নিয়মিত বিদেশি ঘাস বিক্রি করেন। গত ৮ সেপ্টেম্বর সকালে তিনি চেংমারী ইউনিয়নের মুসলিম বাজারে ঘাস বিক্রি করতে যান। বিক্রি শেষে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন।
অভিযোগে বলা হয়, বাড়ি ফেরার পথে তালিমগঞ্জ এলাকায় পৌঁছালে অভিযুক্ত মেহেদী হাসান ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। পরে তাকে ব্যাটারিচালিত অটোভ্যান থেকে ফেলে দিয়ে লাঠিসোঁটা ও হাত দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
এতে জাহাঙ্গীর আলমের মাথা, মুখ, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে তার সঙ্গে থাকা ঘাস বিক্রির নগদ টাকা এবং ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ নিয়ে ভুক্তভোগীর বক্তব্যে ভিন্ন তথ্য পাওয়া গেছে। অভিযোগের এক জায়গায় ২৫ হাজার টাকা উল্লেখ করা হলেও পরবর্তীতে তিনি ঘাস বিক্রির ১১ হাজার টাকা এবং আরও ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন। বিষয়টি তদন্তে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরে পরিবারের সদস্য ও স্বজনরা খবর পেয়ে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যদের দাবি, প্রায় তিন মাস আগে অভিযুক্ত মেহেদী হাসানের সঙ্গে অটোভ্যান রাখা নিয়ে তাদের বাগ্বিতণ্ডা হয়েছিল। তাদের অভিযোগ, মেহেদী হাসান প্রায়ই তাদের বাড়ির গেটের সামনে অটোভ্যান রেখে সেখানে মাদক সেবন করতে যেতেন। এ বিষয়ে আপত্তি জানানো হলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
জাহাঙ্গীর আলমের দাবি, ওই ঘটনার জের ধরেই গত ৮ সেপ্টেম্বর মুসলিম বাজার থেকে ঘাস বিক্রি করে ফেরার সময় তালিমগঞ্জ এলাকায় তাকে পরিকল্পিতভাবে পথরোধ করে হামলা করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত মেহেদী হাসানের বাড়ি তালিমগঞ্জ এলাকার তিলকপাড়া গ্রামে।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, ঘটনার সময় তিনি ওই এলাকার মোড়ে বসেছিলেন। তিনি দেখতে পান, একটি অটোভ্যান আসার সময় মেহেদী হাসান নামে এক ব্যক্তি চলন্ত ভ্যানে লাফিয়ে ওঠেন এবং চালককে পেছন থেকে গলা পেঁচিয়ে ধরেন। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায় বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :