শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৯তম জামাত সকাল ১০টায়


আজকের পেপার প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ২:৪৯ AM / ০
শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৯তম জামাত সকাল ১০টায়

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। ঐতিহ্যবাহী এ মাঠে প্রতিবারই জেলা ছাড়াও সারাদেশ থেকে কয়েক লাখ মুসুল্লি ঈদের জামাতে অংশ নেন।
শোলাকিয়ায় ঈদুল ফিতরের ১৯৯তম জামাত সকাল ১০টায়
ইতিমধ্যে নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

বুধবার (১৮ মার্চ) দুপুরে গিয়ে দেখা গেছে, সবশেষ তুলির আঁচড়ে রঙের প্রলেপ ছুঁয়ে যাচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীরে। নামাজের সময় মুসুল্লিদের কাতার সোজা করার জন্য দাগ কাটাও শেষ করা হয়েছে।

প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতের জন্য নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা মুসুল্লিদের কথা মাথায় রেখে। এ মাঠে ঈদের একটি মাত্র জামাত সকাল দশটায় অনুষ্ঠিত হবে। বংশপরম্পরায় এ মাঠে নামাজ পড়েন দেশের বিভিন্ন জেলার মুসুল্লিরা।

শোলাকিয়ার বাসিন্দা রহমত আলী বলেন, “এ মাঠে লক্ষ লক্ষ মানুষের সাথে নামাজ পড়লে কোন এক জনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমরাও সওয়াব পাবো। কারণ দোয়া সকলের জন্যই করা হয়ে থাকে। তাছাড়া এখানে ঈদের নামাজ পড়লে মনে শান্তি চলে আসে।”

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “শোলাকিয়া মাঠে মুসুল্লিদের জন্য চার স্তরের নিরাপত্তা থাকবে। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য ৬টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও ৬৪টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহরসহ ঈদগাহ মাঠ।”

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, “প্রতিবারের মতো এবারও দূর-দূরান্তের মুসুল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য সকল প্রকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
নালিতাবাড়ীতে যুবদল নেতা আব্দুর রহমান তারা’র খাদ‍্য সামগ্রী পেলেন ক্ষতিগ্রস্ত পরিবার

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সম্প্রতি ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবদল নেতা আব্দুর রহমান তারা।

বুধবার ১৮ (মার্চ) বিকেলে উপজেলার ৮ নং রূপনারায়নকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সিংগুয়ার পাড় গ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সেমাই, চিনিসহ অন‍্যান‍্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন
নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদলের সভাপতি ও ৮নং রূপনারায়ণকুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান তারা।

এসময় যুবদল নেতার সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, উপকারভোগী এবং অন‍্যান‍্যরা উপস্থিত ছিলেন।

এব‍্যাপারে জানতে চাইলে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও রুপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান তারা এ সাংবাদিককে বলেন, গত কয়েকদিন আগে কালবৈশাখী ঝড়ে অত্র এলাকার অনেক পরিবারের ব‍্যাপক ক্ষতি হয়েছে, সামনে ঈদ তাই আমার নিজস্ব তহবিল থেকে অসহায় পরিবার গুলোর মাঝে বিভিন্ন খাদ‍্যসামগ্রী বিতরণ করেছি, যাতে তারা একটু হলেও স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে। অবিলম্বে সাধ‍্য অনুযায়ী সকল মহল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।