সীমান্তের চা-বাগান ও শতবর্ষী আমগাছ দেখতে বালিয়াডাঙ্গীতে মার্কিন রাষ্ট্রদূত


আজকের পেপার প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৯:৫৮ PM / ০
সীমান্তের চা-বাগান ও শতবর্ষী আমগাছ দেখতে বালিয়াডাঙ্গীতে মার্কিন রাষ্ট্রদূত

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-

দেশের উত্তরাঞ্চলের সম্ভাবনাময় চা শিল্প ও সীমান্ত এলাকার ঐতিহ্য ঘুরে দেখতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এসেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সীমান্তবর্তী চা-বাগান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং এলাকার ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটোলডোবা চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে রাষ্ট্রদূতের সফর কার্যক্রম শুরু হয়। পরে তিনি হরিণমারী এলাকায় অবস্থিত গ্রিন ফিল্ড টি এস্টেট লিমিটেডে যান।
সেখানে চা-বাগানের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। চা-পাতা সংগ্রহ, বাগান পরিচর্যা এবং স্থানীয় পর্যায়ে চা শিল্পের বিকাশ সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় উত্তরাঞ্চলে চা চাষের সম্ভাবনা এবং এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন রাষ্ট্রদূত।
পরবর্তীতে তিনি হরিণমারী এলাকার ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেন। স্থানীয়দের কাছে গাছটির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান তিনি।
এরপর রাষ্ট্রদূত গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। সেখানে চা উৎপাদনের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং কারখানার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে ধারণা নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এবং গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ফইজুল ইসলাম হিরুসহ সংশ্লিষ্টরা।
রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তার সফর নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের আশা, বিদেশি কূটনীতিকদের এমন সফরের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সম্ভাবনাময় চা শিল্প এবং সীমান্ত এলাকার পর্যটন ও ঐতিহ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবে।