ফেনী বিআরটিএ তে ষষ্ঠ পাণ্ডবের রামরাজত্ব


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৮:০৫ AM / ০
ফেনী বিআরটিএ তে ষষ্ঠ পাণ্ডবের রামরাজত্ব

সজীব আকবর,অনুসন্ধানী প্রতিবেদক:

ষষ্ঠ পাণ্ডবের ঘুষ দুর্নীতি জাল জালিয়াতি ও সরকারি রাজস্ব ফাঁকির অভয়ারণ্যে পরিণত হয়েছে ফেনী বিআরটিএ। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা নড়েনা ফাইল। দালাল সিন্ডিকেটের মাধ্যমে সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো: আল ফয়সাল, মোটরযান পরিদর্শক আবদুল বারীকে খুুশি করতে না পারলে কোনো কাজ হয়না বলে পরিবহন মালিক ও ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া মেকানিক্যাল এসিস্ট্যান্ট এস এম সামিউল ইসলাম,উচ্চমান সহকারী খোদেজা আক্তার,কম্পিউটার মুদ্রাক্ষরিক রাজিব চন্দ্র শীল ও অফিস সহায়ক আফতাব উদ্দিনের নিজ নিজ নিয়ন্ত্রণে রয়েছে শক্তিশালী দালাল সিন্ডিকেট।

ঘুষ ছাড়া মোটরযান রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না এ অফিসে। জেলার বিভিন্ন অভ্যন্তরীণ রুটে চলাচলকারী শতাধিক আনফিট গাড়িকে মোটা অংকের টাকার বিনিময়ে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়েছে। গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়া হয়। এ ব্যাপারে কেউ মোটা অংকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নানা হয়রানির শিকার হতে হয় এমন অভিযোগ রয়েছে ওই অফিসের বিরুদ্ধে।

এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। কোনো গাড়ির মালিক বা চালক নিজ উদ্যোগে কাজ করতে গেলেই তাদেরকে কাগজপত্রের নানান দোষত্রুটি দেখিয়ে ঘুরানো হয় মাসে পর মাস। এছাড়া বিভিন্ন অজুহাত দেখিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করতে আসা সাধারণ মানুষকে অযথা হয়রানী করা হয়।

পরিবহন মালিক ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয়া হয় বলে অভিযোগ রয়েছে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। ফলে দিন দিন সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলছে ফেনী বিআরটিএ অফিসে। ফেনী বিআরটিএ অফিসে কয়েক দিন সরেজমিন অনুসন্ধানকালে মোটরযান রেজিস্ট্রেশন করতে আসা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যেকটি মোটরযান রেজিস্ট্রেশনের সময় সরকারি ফিস ছাড়াও অতিরিক্ত ৫/১০ হাজার টাকা এবং ক্ষেত্রবিশেষ আরও বেশি টাকা নেয়া হয়ে থাকে। অফিসের কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মচারী ওই অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত। তারা প্রতিদিন সিন্ডিকেট করে লাখ লাখ টাকা অবাধে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

ফেনীর একজন পরিবহন ব্যবসায়ী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ফেনীতে পরিবহন মালিক গ্রুপের সভাপতি নামে যে ব্যক্তি দায়িত্বে রয়েছেন তিনি ছাড়া তার কমিটির কোনো সদস্য নেই। গত এক যুগের বেশি সময় কোনো প্রকার নির্বাচন বা মনোনয়ন ছাড়াই সভাপতি সেজে বিআরটিএ অফিসের কর্মকর্তাদের সঙ্গে টাকা হাতানোর মারাত্মক ফাঁদ পেতে সাধারণ মানুষকে জিম্মি করার কাজে ব্যস্ত সময় পার করছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল কিম্বা সিএনজি থেকে শুরু করে প্রতিটি মোটরযানের সব কাগজপত্র তৈরি করতে গেলেই পরিবহন মালিক গ্রুপের নামে মোটা অংকের টাকা আদায়ের খাত দেখানো হয়। আর এ টাকা কথিত সভাপতি ও বিআরটিএ অফিসের কর্মকর্তারা ভাগবাটোয়ারা করে নেন। এছাড়া ওই কথিত সভাপতি সীতাকুণ্ডের এস্ক্রেল ও কুমিল্লা থেকেও টাকার ভাগ আদায় করছেন বলে জানানো হয়। ওই সভাপতি দীর্ঘ সময় নিজেকে আওয়ামীলীগের নেতা পরিচয় দিলেও বর্তমানে তিনি নিজেকে বিএনপি-জামায়াতের রাজনীতিতে সক্রিয় নেতা বলে পরিচয় দিচ্ছেন।

ফেনী উত্তরা, অশোক লেল্যান্ড, টাটা গাড়ি ও বিভিন্ন মোটরসাইকেল শোরুমের কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফেনী বিআরটিএর সহকারী পরিচালকের বিশ্বস্ত লোক হিসেবে কয়েক জন দালাল এ কাজগুলো করে আসছে। এতে কিছু পারসেন্টেজ জমা হয় মালিক গ্রুপের নামে। এছাড়া লার্নার বা ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও সরকার নির্ধারিত টাকার বাইরে বিআরটিএ অফিসের লোকজনকে কয়েকগুণ অতিরিক্ত টাকা দিতে হয়। চাহিদা অনুযায়ী টাকা না দিলে লাইসেন্স পাওয়া দুষ্কর হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন বেসরকারি ওষুধ কোম্পানির প্রতিনিধি দিদারুল আলম মাসুদ।

ফেনী বিআরটিএ অফিসের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, মোটরযান চালকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন বাবদ প্রতি বছর ৫ থেকে ৭ লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেয়া হলেও কোনো প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন করা হয় না। ভুয়া বিল-ভাউচার করে সহকারী পরিচালক মো: আল ফয়সাল ও মোটরযান পরিদর্শক আবদুল বারী তা আত্মসাৎ করেন। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে টানাপোড়েন।

প্রতিমাসের ২০/২২ কর্মদিবসে এখানে কোটি কোটি টাকা অবৈধ পন্থায় হাতিয়ে নিয়ে কতিপয় রাজনৈতিক নেতা, পরিবহন নেতাদেরকে কিছু কিছু দিয়ে বাদবাকি টাকা সহকারী পরিচালক আল ফয়সাল ও মোটরযান পরিদর্শক আবদুল বারী ৮০% টাকা ভাগাভাগি করে নেন। এরপর বাদবাকি ২০% টাকা সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শক এর নির্দেশে অফিসের বাদবাকি স্টাফদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়।

এলাকার সচেতন মহল ও গণমাধ্যম কর্মীরা বলেন, এ অফিসের এ টু জেড সকলেই শতভাগ দুর্নীতিতে নিমজ্জিত। এসব বিষয়ে প্রতিকার চেয়ে তাঁরা চেয়ারম্যান মহোদয় ও দুদক এনফোর্সমেন্ট টিমের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে সহকারী পরিচালক মো: আল ফয়সাল ও মোটরযান পরিদর্শক আবদুল বারী কে ফোন করা হলেও তারা ফোন রিসিভ না করাই তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।

 

 

(আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, চোখ রাখুন প্রিন্ট ও অনলাইন ভার্সনে)