
আজ ১৬ই জুলাই, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মো. ফারুক, শহীদ মো. শাহজাহানসহ ছয় শহীদের শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াই ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে।
দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী লড়াই-সংগ্রামের যে বিভিন্ন ওঠানামা, তাতে তুষের আগুনের মতো মানুষ জ্বলেছে। সেখানে একটা স্ফুলিঙ্গ হয়ে হাজির হয়েছিলেন আবু সাঈদ। যার মধ্য দিয়ে একটা দাবানল সৃষ্টি হয়েছে। যে দাবানল শেখ হাসিনাকে পরাজিত করে তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে।
এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সারা দেশের মানুষকে এক সুতায় গাঁথা, সেটা আবু সাঈদের অবদান। এই যে মানুষের জন্য, সমষ্টির জন্য, সমাজের জন্য, দেশের জন্য, বৃহত্তর স্বার্থকে সামনে রেখে, অনেক দূর দেখতে পেয়ে, সৎ সাহস নিয়ে, নিজের বুক প্রসারিত করে গুলির সামনে দাঁড়ানো—নিজের জীবনকে উৎসর্গ করা—এর চেয়ে মহত্তম কাজ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আবু সাঈদ সেই মহত্তম কীর্তি নিজের জীবনে দেখিয়ে গেছেন।
বাংলাদেশের মানুষ বহুকাল ধরে শহীদ আবু সাঈদকে তাদের হৃদয়ে লালন করবে এবং আমাদের অনাগত প্রজন্ম, তারা যদি আবু সাঈদের মতো চৈতন্য, আবু সাঈদের মতো সৎ সাহস, তার মতো আত্মবিশ্বাস, তার মতো দেশপ্রেম, তার মতো মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চৈতন্য নিয়ে যদি বড় হতে পারেন- তাহলে বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
(১৬ জুলাই, ২০২৫ শহীদ আবু সাঈদের কবরে জেয়ারত ও শ্রদ্ধাজ্ঞাপন শেষে দেওয়া জোনায়েদ সাকির বক্তব্যের অংশ)
আপনার মতামত লিখুন :